নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা দিচ্ছে ভারত

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:০২ | অনলাইন সংস্করণ

ভারত ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ১৬২ কোটি ডলারের (১৫ হাজার কোটি ভারতীয় রুপি) উন্নয়ন সহায়তা ঘোষণা করেছে নয়াদিল্লি। একই সঙ্গে মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে আটটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের সফরে ভারতে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। ২০২৬ সালের মার্চে ক্ষমতা গ্রহণের পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ২৪ হাজার কোটি নেপালি রুপি সহায়তা দেবে ভারত।  গত আগস্টে ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে এ সহায়তা ঘোষণা করা হয়েছে।

বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত ও নেপাল শুধু প্রতিবেশী নয়, বরং দুই দেশের মধ্যে রয়েছে গভীর আস্থা, বন্ধুত্ব ও ঐতিহাসিক সম্পর্ক। কঠিন সময়ে দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে’। 

বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে ভারতের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।

এনডিটিভি জানিয়েছে, বৈঠকে স্বাক্ষরিত আটটি চুক্তির মধ্যে রয়েছে মহাকাশ ও স্যাটেলাইট যোগাযোগ, পুলিশ ও অপরাধ তদন্ত, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, স্বাস্থ্য ও চিকিৎসা, আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থা, টেকসই নগর উন্নয়ন এবং গবাদিপশু ও মৎস্যসম্পদ উন্নয়ন।

মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নেপালের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে দক্ষিণ এশীয় স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার চুক্তি হয়েছে। পাশাপাশি অপরাধ তদন্ত ও ফরেনসিক বিজ্ঞানে গবেষণা এবং দুই দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া নেপালের সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি চালু, স্বাস্থ্যসেবা ও ওষুধের মান উন্নয়ন এবং আয়ুর্বেদ চিকিৎসায় অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও সমঝোতা হয়েছে।

বৈঠকে যোগাযোগ ও জ্বালানি খাতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে ভারতের অযোধ্যা থেকে নেপালের জনকপুর পর্যন্ত সরযূ-কামলা এক্সপ্রেস রেলসেবা চালু। প্রায় ৬০৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে আগামী ২৮ নভেম্বর থেকে নিয়মিতভাবে সপ্তাহে এক দিন করে দুই দিকে ট্রেন চলাচল করবে।

অন্যদিকে বানবাসায় নতুন সমন্বিত চেকপোস্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, ধর্চুলা-দারচুলা সীমান্তে নতুন সড়ক সেতুর উদ্বোধন এবং ৬৬৯ মেগাওয়াট সক্ষমতার লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে মোতিহারি-আমলেখগঞ্জ পেট্রোলিয়াম পাইপলাইনের দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধন এবং ঝাপায় নতুন পেট্রোলিয়াম টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘ভারত ও নেপালের সম্পর্ক হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিস্তৃত। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটের সময় ভারত নেপালের পাশে দাঁড়িয়েছে’।

এসময় দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন বালেন্দ্র শহ। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বৈঠক শেষে তিনি নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।