আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ | অনলাইন সংস্করণ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ শহরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। শহরটির আল ওয়াতান সড়কে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্ঘটনা ও হতাহতের এই তথ্য জানিয়েছে। তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না, তা এখনো জানা যায়নি। এছাড়া দুর্ঘটনাটি কখন ঘটেছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সহায়তায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্ঘটনা নিয়ে কোনো ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার না করে সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বানও জানানো হয়েছে।
