কুয়েতে ড্রোন হামলা ইরানের, নিহত ২ ইতালীয় নাগরিক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৫৮ | অনলাইন সংস্করণ

কুয়েতের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলায় চালিয়েছে ইরান। কুয়েতি সশস্ত্র বাহিনী সেই ড্রোন প্রতিহত করার পর আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান এক বিবৃতিতে জানান, দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বেশ কয়েকটি শত্রু ড্রোন শনাক্ত করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় সশস্ত্র বাহিনী। এ ঘটনায় স্থাপনাটির কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।
তিনি জানান, ড্রোন প্রতিহত করার পর আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের (স্প্লিন্টার) আঘাতে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন কুয়েতি নাগরিক, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
পরবর্তীতে কুয়েতি সেনাবাহিনী নিশ্চিত করে যে, আহত দুই ইতালীয় নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, নিহতরা জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।
দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলোনি বলেন, ‘বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে অংশ নেওয়ার সময় “দুঃখজনক মৃত্যুর” খবর তাকে জানানো হয়।’
তিনি আরও বলেন, ‘নিজের এবং সরকারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। হামলায় ক্ষতিগ্রস্ত সবাই এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা ও সহমর্মিতা রয়েছে।’
এদিকে হামলায় গুরুত্বপূর্ণ স্থাপনাটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কী ধরনের স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছিল, তা প্রকাশ করেনি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও ক্ষয়ক্ষতির পরিমাণও বিস্তারিত জানানো হয়নি।
কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
