সেপ্টেম্বরে মসজিদে নববীতে আগমন ২ কোটি ১৬ লাখ মানুষের
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৪:৩২ | অনলাইন সংস্করণ

মদিনার মসজিদে নববীতে গত সেপ্টেম্বর মাসে ২ কোটি ১৬ লাখের বেশি মানুষের সমাগম হয়েছে। এ সময় মহানবী হজরত মুহাম্মদ (স.) ও তাঁর দুই সঙ্গী হজরত আবু বকর (রা.) ও হজরত ওমর (রা.)-কে সালাম জানিয়েছেন ২১ লাখের বেশি মানুষ।
এ ছাড়া রওজা শরিফে নামাজ আদায় করেছেন প্রায় সাড়ে ১৪ লাখ মুসল্লি।
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যক্রম তদারককারী কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে মসজিদে নববীতে মোট আগমনের সংখ্যা ছিল ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭।
প্রতিবেদনে বলা হয়, এ সময়ে মহানবী (স.) ও তাঁর দুই সঙ্গীকে সালাম জানিয়েছেন ২১ লাখ ২৪ হাজার ৪২১ জন। রওজা শরিফে নামাজ আদায় করেছেন ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন।
মসজিদে আগতদের সেবা দিতে বিভিন্ন ব্যবস্থা চালু রেখেছিল কর্তৃপক্ষ। এ সময় ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন স্থাননির্দেশনা সেবা নিয়েছেন। অতিথিসেবা কেন্দ্র থেকে সহায়তা পেয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন। এ ছাড়া চলাচলে সহায়তার জন্য ট্রলি সেবা নিয়েছেন ৩ লাখ ৮ হাজার ২৬১ জন। বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সেবা নিয়েছেন ৭৯ হাজার ৫৯৯ জন।
জ্ঞানচর্চা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানার সুযোগ নিতে মসজিদে নববীর গ্রন্থাগার পরিদর্শন করেছেন ৮১ হাজার ২৪৩ জন। মসজিদটির বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন।
কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে নববীতে আগতদের উন্নত সেবা দেওয়া এবং স্বস্তি ও প্রশান্তির পরিবেশে ইবাদত পালনের সুযোগ করে দিতে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
