ভুঁড়ি রান্নার সহজ রেসিপি
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১৬:৩৪ | অনলাইন সংস্করণ
লাইফস্টাইল ডেস্ক

দেশি খাবারের তালিকায় ভুঁড়ি ভুনা অনেকেরই পছন্দের একটি পদ। ঝাল-মশলায় কষানো নরম ও সুস্বাদু ভুঁড়ি ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে জমে বেশ। অনেকেই ভুঁড়ি রান্নাকে ঝামেলার মনে করলেও সঠিক উপায়ে পরিষ্কার ও মশলার পরিমিত ব্যবহারে খুব সহজেই ঘরেই তৈরি করা যায় মজাদার ভুঁড়ি ভুনা।
চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপি—
উপকরণ
ভুঁড়ি – দেড় কেজি
তেল – আধা কাপ
পেঁয়াজ কুচি – ২ কাপ
আদা বাটা – ১ টেবিল চামচ
রসুন বাটা – ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া – ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
ধনে গুঁড়া – ১ টেবিল চামচ
জিরা গুঁড়া – ১ টেবিল চামচ
গরম মশলার গুঁড়া – ১ চা চামচ
শুকনো বা কাঁচা মরিচ – ৪-৫টি
পানি – ২ কাপ
লবণ – স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিন। এরপর একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে পেঁয়াজ, আদা-রসুন বাটা দিয়ে হালকা কষিয়ে নিন। তারপর সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে একে একে সব গুঁড়া মশলা ও লবণ দিয়ে মিশিয়ে নিন। ভালোভাবে নেড়ে নিয়ে ঢেকে কম আঁচে কিছুক্ষণ কষতে দিন।
মশলা ভালোভাবে কষে গেলে এতে আগে থেকে পরিষ্কার করে রাখা ভুড়ি দিয়ে দিন। এবার ৫ থেকে ৬ মিনিট ধরে বারবার নেড়ে কষিয়ে নিন। এরপর প্রায় ২ কাপ পানি দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমধ্যে ঢাকনা তুলে নেড়ে দিন, যেন নিচে লেগে না যায়। পানি কমে এলে ভাজা জিরা গুঁড়া ও সামান্য গরম মশলা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
যদি ভুড়ি ভুনায় হালকা ঝোল রাখতে চান, তাহলে এ সময় একটু গরম পানি যোগ করতে পারেন। এরপর ৫ মিনিট চুলার আঁচ একটু বাড়িয়ে অনবরত নাড়তে থাকুন। আর যদি একেবারে শুকনো ভুনা চান, তাহলে আঁচ কমিয়ে আরও ৭-৮ মিনিট ভেজে নিন। তখন ভুড়ির রঙ গাঢ় হতে শুরু করবে।
সবশেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ভুড়ি ভুনা। এটি ভাত, রুটি বা পরোটার সাথে দারুণভাবে উপভোগ করা যায়।
