উত্তরহীন রাতের প্রহরী

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৪:৩৭ | অনলাইন সংস্করণ

  মোহাম্মদ এস পাটোয়ারী

নিদ্রাহীনতা বড্ড ভয়ানক এক ব্যাধি—
যে ব্যাধির কোনো দৃশ্যমান ক্ষত নেই,
তবু প্রতিটি নিশীথে তা নীরবে রক্তক্ষরণ ঘটায় হৃদয়ের গভীরতম প্রদেশে।

নিদ্রাহীন রাতেরও একজন সঙ্গী থাকে—
কখনো দীর্ঘশ্বাস, কখনো অশ্রু,
কখনো বা অনিশ্চিত ভবিষ্যতের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকা দুটি নিঃসঙ্গ চোখ।

আর সেই রাতের এক প্রান্তে—
একজন পিতা।

সন্তানের স্বাস্থ্যের উন্নতি আর অবনতির দোলাচলে
সমস্ত পৃথিবী আজ দুলেছে অনিশ্চয়তার দোলনায়।

ঘুমিয়ে আছে চারপাশ।
ঘুমিয়ে আছে নগর, ঘুমিয়ে আছে পৃথিবী—

শূন্যতার অবগাহন আর হাজারও প্রশ্নের তীর
জানালার লোহার গ্রিলের ফাঁক গলে
বিঁধিলো নক্ষত্রলোক আর আকাশমন্ডলীকে—
যেখানে প্রশ্নরাও আজ নিরুত্তর।

অবসাদ আর মানসিক যন্ত্রনা যখন প্রতিটা গ্রাসে
চিবিয়ে খেতে চায় নিকষ কালো এই রাতকে,
তখনই পৃথিবী আলোকস্নান করে-
অথচ তখনও প্রশ্নেরা উত্তর সন্ধানী...
ওই নীরব আকাশের ওপারেই যে
লুকিয়ে ছিলো সমস্ত প্রশ্নের উত্তরেরা...

ঐ আকাশ কি তবে বুক চিরে পৃথিবীকে আলোকস্নান করিয়ে,
উত্তরহীন আড়াল হলো ব্যস্ত নগরীর ধোঁয়াশায়!!!