ইমক্যাবের নতুন নেতৃত্বে শাহীন চৌধুরী ও মাছুম বিল্লাহ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫ | অনলাইন সংস্করণ

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাছুম বিল্লাহ।

শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি শাহীন চৌধুরী ভারতের ত্রিপুরা এক্সপ্রেস-এর প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূঁইয়া (ত্রিপুরা দর্পণ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক সান্দন) ও মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।

ইমক্যাব নির্বাচনে ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। তবে ২৯ আগস্ট মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিনে প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। ফলে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সংগঠনের বিদায়ী সভাপতি ও দৈনিক এই সময়-এর প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ইমক্যাব নাইট অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি. কে., জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা সোমনাথ দে, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।