অনলাইন সংস্করণ
১৪:১৫, ২১ জানুয়ারি, ২০২৪
দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যা গত বছরের তুলনায় ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন বেশি।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে ইসির পক্ষ থেকে ভোটার তালিকা হালনাগাদের তালিকা প্রকাশ করার সময় এই তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২১ জানুয়ারি ২০২৪ তারিখে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন ও নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ভোটার হয়েছেন ৯২৪ জন।
ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়নি নির্বাচন কমিশনের।
দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশী ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা পরিষদ নির্বাচন।