মাইলস্টোন ট্র্যাজেডি : এবার মৃত্যুর কাছে হার মানলো জারিফ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১০:৪০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ ফারহান (১৩) নাম আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জারিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ নামে আরও একজন মারা গেছে। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটের দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাকিন (১৪) নামের আরও এক শিক্ষার্থী।
এদিকে, শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দীন জানান, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
আবা/এসআর/২৫
