ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হজ নিবন্ধনের শেষ সময় ১২ অক্টোবর, বাড়বে না সময়

হজ নিবন্ধনের শেষ সময় ১২ অক্টোবর, বাড়বে না সময়

আগামী বছর (২০২৬) হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। সৌদি সরকারের নির্ধারিত সময় অনুযায়ী এ সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এ তথ্য বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়, হজ ২০২৬ এর সরকারি ও বেসরকারি মাধ্যমের প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে, যা আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। এ অবস্থায়, হজের প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত এ বার্তা বহুল প্রচারের জন্য সব মোবাইল অপারেটর কোম্পানিকে বিনামূল্যে খুদেবার্তার মাধ্যমে বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১,২৭,১৯৮ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে।

প্রাথমিক নিবন্ধনের জন্য হজপ্রত্যাশীদের ৪ লাখ টাকা জমা দিতে হচ্ছে। পরে হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা পরিশোধের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

তবে নিবন্ধনের সময় এক মাসেরও বেশি বাকি থাকলেও এখন পর্যন্ত সরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়নি। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের (সেপ্টেম্বর) মাঝামাঝি হজ প্যাকেজ ঘোষণা করার লক্ষ্যে কাজ চলছে।

হজ নিবন্ধন,ধর্ম মন্ত্রণালয়,বিটিআরসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত