ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রম উপদেষ্টার সঙ্গে আজারবাইজানের শ্রমমন্ত্রীর বৈঠক

শ্রম উপদেষ্টার সঙ্গে আজারবাইজানের শ্রমমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং আজারবাইজানের শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রী আনার আলিয়েভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শ্রম উপদেষ্টা আজারবাইজানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশগুলোর মধ্যে শ্রম ও কর্মসংস্থান খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

শ্রম উপদেষ্টা আজারবাইজানের মন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেওয়ার অনুরোধ জানান। এছাড়া, তিনি শ্রম খাতে যৌথ উদ্যোগ গ্রহণ, কারিগরি সহযোগিতা বাড়ানো এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আজারবাইজানের বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে তিনি আজারবাইজানের শ্রমমন্ত্রী আনার আলিয়েভকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।

আজারবাইজানের শ্রমমন্ত্রী আনার আলিয়েভ দুই দেশের শ্রম ও বিনিয়োগ সহযোগিতা আরও এগিয়ে নিতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন। এতে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি।

পাশাপাশি, তিনি ওআইসি লেবার স্টেটিউট দ্রুত অনুস্বাক্ষরের জন্য বাংলাদেশকে আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শ্রম উপদেষ্টা,শ্রমমন্ত্রী,আজারবাইজান,ড. এম সাখাওয়াত হোসেন,বাংলাদেশি শ্রমিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত