
হাইকোর্টের নির্দেশে দেশের সব উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ পাঠানোর নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
শনিবার (৮ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক আসরাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ জারি করা হয়।
এর আগে এ বছরের ১৮ আগস্ট এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে সময় হাইকোর্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) বিবাদীদের প্রতি এই নির্দেশ জারি করেছিলেন আদালত।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই নির্দেশ দেন। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ২৮ অক্টোবরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
এর আগে গত ১৭ আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী।