আসন্ন নির্বাচন নিয়ে ১২ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:২৬ | অনলাইন সংস্করণ

১২টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরু হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হয়।

এর আগে, গত বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনায় ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় শেষে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা প্রকাশ করে ইসি।

ইসির তারিকা সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

এদিন বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি, যার মধ্যে বিএনপি ও জামায়াত ইসলামও রয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।

এ ছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি এবং ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

নতুন তিনটি রাজনৈতিক দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর নিবন্ধন চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর তারা নিবন্ধনের সনদ পাওয়ার কথা রয়েছে।