শেখ হাসিনার মামলার রায়: রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে পুলিশ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২৩:২১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এই রায়কে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীসহ দেশের নানা স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাশাপাশি যেকোনো মূল্যে নাশকতা রোধে কাজ করছে পুলিশ। নাশকতাকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, যেকোনো মূল্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড তারা রোধ করবেন। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোসহ নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএমপি।
রোববার (১৬ নভেম্বর) সরেজমিনে রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা ঘুরে পুলিশের তল্লাশি চেকপোস্ট দেখা গেছে। সেই সঙ্গে সন্দেহভাজন কাউকে দেখলেই থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এমনকি বাদ যাচ্ছে না মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও, সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে রোববার থেকে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে মাঠে রয়েছে বিজিবির টহল দল।
অন্যদিকে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি দেয়া হয়েছে। রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে এই চিঠি দেয়া হয়েছে।
আবা/এসআর/২৫
