
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ যা যা দরকার তা দিতে সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়টি নিয়ে এখানে (কোর কমিটি) কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই।’
তারেক রহমানের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে, বিশেষভাবে যাদের জন্য দরকার..., যাদের জন্য স্পেশাল যেটা দেওয়া দরকার—এটার জন্য আমরা প্রস্তুত আছি।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ আসন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন বিবেচনায় বডি অন ক্যামেরা কেনা হবে।
নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যেন কোন কিছু প্রবেশ করে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতা থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।