ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:০০ | অনলাইন সংস্করণ

‘শান্তি চুক্তি’ ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার দিকে ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আকস্মিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাকা কলেজের আট–দশজন শিক্ষার্থী লাঠি হাতে আইডিয়াল কলেজের কয়েকজন ছাত্রকে ধাওয়া দিলে সংঘর্ষের সূচনা হয়। ঘটনার পর নিউমার্কেট থানা পুলিশ দ্রুত দুটি পক্ষকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দেয়। এ সময় আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীকে থানায় নিয়ে যাওয়া হলে তার পরীক্ষার কথা বিবেচনায় পুলিশ তাকে কলেজের অধ্যক্ষের কাছে হস্তান্তর করে।
পরে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী হামলা চালালে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র আহত হয়। খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়তেই ঢাকার কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী লাঠি ও স্ট্যাম্প নিয়ে আইডিয়াল কলেজের সামনে জড়ো হয়ে প্রতিপক্ষকে আক্রমণ করে। দ্রুতই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী দুটি সাউন্ড গ্রেনেড ও পাঁচটি টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এখনো সেন্ট্রাল রোড এলাকায় অবস্থান করছে। নিরাপত্তা নিশ্চিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
