দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮ | অনলাইন সংস্করণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোট দিয়ে নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
দুদক চেয়ারম্যান বলেন, আসছে নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করতে হবে ভোটারদের। দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতি বিরোধীদের মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব।
এদিন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
