অনলাইন সংস্করণ
১৬:৪৫, ০৯ ডিসেম্বর, ২০২৫
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সাক্ষাৎ শেষে তিনি জানান, চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ তথ্য জানান।
সিইসি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাচ্ছেন। আমরা একসঙ্গে কাজ করেছি, সে জন্যে উনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি।
তিনি বলেন, উনারা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডিপ্লয় করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি।
প্রধান বিচারপতি কী আশ্বাস দিয়েছেন—এমন প্রশ্নে সিইসি বলেন, ইলেক্ট্ররাল ইনকয়েরি কমিটির যে ডেপ্লায়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবেন বলে আশ্বাস্ত করেছেন।
মামলা বা বিচারিক বিষয় নিয়ে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাইলে সিইসি বলেন, মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি।