ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হওয়া শুরু করেছেন ছাত্র-জনতা। কেউ মিছিল সহকারে, কেউবা স্ব-উদ্যোগে শাহবাগে আসছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান।

বিক্ষুব্ধ ছাত্র-জনতার স্লোগানে মুখর হয়ে উঠেছে শাহবাগ এলাকা। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগান দিতে দেখা গেছে আন্দোলনকারীদের।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হচ্ছেন। তাদের উপস্থিতিতে ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে পুরো এলাকা।

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পরই বিভিন্ন এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে আহত হন। গুলিটি তার মাথায় লাগে। প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

ছাত্র-জনতা,শাহবাগে জড়ো হচ্ছেন,হাদির মৃত্যুর প্রতিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত