অনলাইন সংস্করণ
১২:০৯, ২০ ডিসেম্বর, ২০২৫
জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, হাদির জানাজা ঘিরে বাড়তি নিরাপত্তা এবং মাঠ পর্যায়ে বডি ওর্ন ক্যামেরাগুলোর কার্যকারিতা যাচাই করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।
এদিকে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে রাজধানীর শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ময়নাতদন্তের কার্যক্রমও শুরু হয়েছে।
জানা গেছে, ময়নাতদন্ত শেষে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি মিছিলের মাধ্যমে মরদেহ মানিক মিয়া এভিনিউতে নেওয়া হবে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবারের পাশে তাকে সমাহিত করা হবে।