ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের সামনে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার একটি ঘটনা ঘটেছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে এসে চিৎকার-চেঁচামেচি করেন এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে হুমকিমূলক স্লোগান দেন বলে জানা গেছে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছু সময় চিৎকার করেন। তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিলেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের স্লোগান শোনা যায়।

তিনি আরও জানান, ওই ব্যক্তিরা মূল গেটের সামনে কিছুক্ষণ অবস্থান করে চিৎকার করার পর চলে যান। এ ঘটনায় কোনো শারীরিক হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি, এমনকি কোনো কিছু ছোড়াছুড়িও করা হয়নি।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, হতে পারে। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন- ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। তবে এগুলো ছিল কেবল মৌখিক হুমকি ও চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ। কোনো শারীরিক হামলা হয়নি।

ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে তাকে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা চিৎকার করে চলে গেছেন এবং এরপর আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

দিল্লি,বাংলাদেশ হাইকমিশন,হাইকমিশনার,রিয়াজ হামিদুল্লাহ,হুমকি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত