ঘন কুয়াশা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশায় মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বাসচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক দুজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
আবা/এসআর/২৫
