১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সাংগঠনিক নির্বাচন স্থগিতের নির্দেশ
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২২:২১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর আয়োজন করতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট সবাইকে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
আবা/এসআর/২৫
