গণভোটে ‘না’ ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: উপদেষ্টা শারমীন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোটে ‘না’ ভোট দেওয়ার সুযোগ নেই। ‘না’ দেওয়া মানেই চব্বিশের বিরুদ্ধে দাঁড়ানো। ‘না’ দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো। সেটা করা যাবে না। যদি আমি পরিবর্তন চাই, ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, যদি কেউ ‘না’ ভোট দিতেই চায়, দিতে পারে। দেশের আপামর জনগণ, যারা কষ্টের মধ্য দিয়ে গত ১৬ বছর পার করেছে, গুম হয়েছে, যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, রাস্তায় বাচ্চাদের হারিয়েছে সেই জনগোষ্ঠী এ দেশে পরিবর্তন চায়।
তিনি বলেন, যদি আমি গণতন্ত্রের পথে ফিরে যেতে চাই, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ১৪০০ ছেলে-মেয়ে ও জনগণের ত্যাগ আর ৩০ হাজার মানুষের স্বাভাবিক জীবন হরণ করে ‘না’ ভোটের মাধ্যমে পুরোনো ব্যবস্থায় ফেরত যাওয়া যাবে না। ‘না’ দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো।
উপদেষ্টা বলেন, গণভোটের বিষয়ে সরকারের নিরপেক্ষতার জায়গা নেই। হয় আমি গণঅভ্যুত্থানের পক্ষে, এই ছেলে-মেয়েদের পক্ষে, জুলাই শহিদদের পক্ষে, হয় আমি হাদির পক্ষে, হয় আমি নতুন বাংলাদেশ চাই, অথবা চাই না। আমার দেশে এরকম কিছু মানুষ আছে হয়তো, যারা বিগত ফ্যাসিস্ট রেজিমের উপকারভোগী, তারা হয়তো গণভোটে ‘না’ এর পক্ষে। তারা মূলত পরিবর্তনটা চায় না। তারা নতুন বাংলাদেশ চায় না।
