সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যু
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২২:৪৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মারা গেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এম হাফিজ উদ্দিন খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি।
হাফিজ উদ্দিন খানের মামাতো ভাই লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কানাডা প্রবাসী দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থসহ অন্তত ৭টি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তিনি। প্রায় ১৫ বছর আগে অবসরগ্রহণের পর থেকে উত্তরার বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন হাফিজ।
তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি.এ (সম্মান) এবং ১৯৬১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সের উপর ডিপ্লোমা সম্পন্ন করেন।
হাফিজ উদ্দিন খানকে শুক্রবার জুমার নামাজের পর সিরাজগঞ্জে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
