৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৪:০৬ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করার আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০ জানুয়ারি জারি হওয়া ৮ ইউএনও-র বদলির আদেশ এতদ্বারা বাতিল করা হলো।
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সম্মতির পরিপ্রেক্ষিতে ৮ ইউএনও-কে বিভিন্ন জেলায় বদলি করার প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে বরগুনা পাথরঘাটার ইউএনও ইসরাত জাহানকে ভোলার চরফ্যাশন, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দা, পিরোজপুরের ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনট, হবিগঞ্জের বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দে-কে চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও হিসেবে বদলি করা হয়।
এছাড়া, বগুড়ার ধুনটের ইউএনও প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবল, ফরিদপুরের নগরকান্দার ইউএনও মেহরাজ শারবীনকে নেত্রকোণার কলমাকান্দা, নেত্রকোণার কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া এবং ভোলার চরফ্যাশনের ইউএনও মো. লোকমান হোসেনকে বরগুনার পাথরঘাটার ইউএনও করা হয়েছিল।
বদলি করা কর্মকর্তাদের ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছিল।
