ব্যালট ছিনতাইয়ের শঙ্কা নেই, কঠোর নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে এবার ভোটকেন্দ্রগুলোতে অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অতীতের জাতীয় নির্বাচনগুলোতে প্রতিটি ভোটকেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করতেন। কিন্তু এবারই প্রথমবারের মতো প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে কমপক্ষে দুইজন অস্ত্রধারী পুলিশ এবং তিনজন অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে তিনজন অস্ত্রধারী পুলিশসহ মোট ছয়জন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্র ছাড়া লাঠিসহ ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যাদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য থাকবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে, যা একটি রোল মডেল হিসেবে বিবেচিত হবে। এ লক্ষ্য অর্জনে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এবারের নির্বাচনে কয়েকটি নতুন ও গুরুত্বপূর্ণ দিক যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ, বডি ওর্ন ক্যামেরার ব্যবহার, ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন, ড্রোন ও ডগ স্কোয়াডের ব্যবহার। পাশাপাশি প্রথমবারের মতো প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রায় নয় লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউট সদস্যরাও সহায়ক হিসেবে নির্বাচনি দায়িত্বে থাকবেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে দুই পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।
প্রথম পর্বে বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন, তারা বহাল থাকবেন। দ্বিতীয় পর্বে ভোটকেন্দ্রিক মোতায়েন কার্যক্রম চলবে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাত দিন দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
