নয়াপল্টনের স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ | অনলাইন সংস্করণ

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর শিশুটির নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও তীব্র আলোচনায় আসে।
পুলিশ জানায়, ঘটনাটি ১৮ জানুয়ারি নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’ প্রি-প্লে শ্রেণিতে ঘটে।
শিশুটির মা বাদী হয়ে শিশু অধিকার আইনে একটি মামলা দায়ের করেছেন, যেখানে পবিত্র কুমার বড়ুয়া ও স্কুলের প্রতিষ্ঠাতা শারমিন জাহানকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানা পুলিশ পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে।
পুলিশের আরও একটি দল শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং তাকে শিগগিরই গ্রেপ্তার করার আশা প্রকাশ করা হয়েছে।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র কুমার বড়ুয়া বর্তমানে পল্টন থানায় রয়েছেন এবং মামলা প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
