মুছাব্বির হত্যা মামলায় আরেক শুটার গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মোছাব্বির (৪৪) হত্যা মামলায় আরেক শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় আরেক শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অভিযান এখনো চলমান রয়েছে। এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, মোছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। গত ১০ জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন জিন্নাতকে (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২)।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৮ জানুয়ারি তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলাটি করেন।