স্বৈরাচার ঠেকাতে গণভোটের বিকল্প নেই: ফয়েজ আহম্মদ তৈয়্যব

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হয়ে ওঠা রুখে দিতে গণভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়্যব। তিনি এ জন্য আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহম্মদ তৈয়্যব বলেন, অতীতে যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তার হাতেই ছিল সব ক্ষমতা। তিনি সংসদীয় নেতা, সরকারপ্রধান ও মন্ত্রিপরিষদের প্রধান ছিলেন এবং বিচার বিভাগের ওপরও প্রভাব বিস্তার করতেন। প্রধান বিচারপতির নিয়োগ থেকে শুরু করে সংসদে আইন পাস পর্যন্ত সবকিছুই তার ইচ্ছার ওপর নির্ভর করত।

পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশন কেউই তার ইচ্ছার বাইরে গিয়ে কাজ করতে পারত না। এর ফলেই দেশে বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে। এ অবস্থা থেকে বের হতে হলে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ দেওয়ার পরও যদি আবার কোনো প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে ওঠে, তা হলে সেই ত্যাগ বৃথা যাবে। তাই পরিবর্তনের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক সৈয়দ এনমুল কবির এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ অন্যরা।

উল্লেখ্য, আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন দ্বিতীয় সংশোধিত প্রকল্পের আওতায় ৬৮ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে এই আইটি পার্ক নির্মাণ করা হচ্ছে।