নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:৩৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে বিশেষ ছুটি থাকবে।

রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এছাড়া, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে সরকারি কর্মচারীরা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ দিনের ছুটি পাবেন। আর শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক-কর্মচারীরা ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’ এর দেওয়া ক্ষমতাবলে উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন ও গণভোটের সুবিধার্থে সরকারী ছুটির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।