যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করলে বাতিল হয়ে যাবে ভোটারের ভোট: ইসি সানাউল্লাহ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোটার যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট দেন, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে বলে জানিয়ছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, আমাদের একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে বয়স ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক সবাই ভোট দিতে পারে। ভোটারদের আগ্রহকে ধারণ করে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণের পরিবেশ সৃষ্টি করতে হবে। কোনো ভোটারকে যেন কেউ বাধা দিতে না পারে, সেটি খেয়াল রেখে সবার ভোট প্রদান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুই ভাগে হবে। আমরা কোনো বিষয়ে ছাড় দেবো না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট প্রদান করে, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। একই সময়ে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা কর হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।

এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। সেখানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। সভায় বক্তারা নির্বাচনের আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ ও গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। সভায় নির্বাচনের আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ এবং গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।