অনলাইন সংস্করণ
২০:৪৬, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যেন না হয় সেজন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে।’
তিনি বলেন, ‘পুলিশের জন্য ২৫ হাজার ৭০০ বডি ক্যাম দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করছি, সুরক্ষা অ্যাপ ব্যবহার করছি। এরপরও এবার কেউ যদি কোনোরকম কিছু করতে যায়, তাহলে সে ভাই হোক বা বোন হোক কেউ ছাড় পাবে না। তিন দিন, চার দিন বা ছয় মাসের জামিন নিয়ে এলেও সে ধরা খাবে।’
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শুধু অবৈধ অস্ত্র না, বৈধ অস্ত্রও বাইরে আছে। বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে, সবগুলো এখনো উদ্ধার হয়নি। উদ্ধারের পরিমাণ বেড়েছে। আশা করি নির্বাচন পিসফুল হবে। আমি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।’
তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। এই প্রস্তুতি জাতিকে একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন দিতে পারবে।’
ঝিনাইগাতির ঘটনা (বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত) খুবই দুঃখজনক মন্তব্য করে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য যত ধরনের ব্যবস্থা নেয়া যায় আমরা নিচ্ছি। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। কোনো ঘটনা ঘটিয়ে দুষ্কৃতকারীরা এলাকা থেকে দূরে চলে যায়। এজন্য একটু সময় লাগলেও তাদের আইনের আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘এবারে সাংবাদিকদের পোলিং সেন্টারের ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তাই সাংবাদিকদের জন্য কোনো সমস্যা হবে না।’
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভাগের চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।