জাতীয় নির্বাচন: বিটিভিতে ফিরছে দলীয় প্রধানদের ভাষণ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এ রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর জন্য বিটিভিকে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসি।
ইসি সূত্রে জানা যায়, নির্বাচনে অংশ নেয়া দলগুলোর প্রধানদের বক্তব্য প্রচারে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রথমে, ৯ ফেব্রুয়ারি বিএনপির দলীয় প্রধানের ভাষণ প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-এ ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে অংশ নেয়া এসব দলের প্রধানদের ভাষণ কখন এবং কোন দিন প্রচার করা হবে—সে বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের আগেও এ ধরনের ভাষণ বিটিভিতে প্রচার করা হয়েছিল। তবে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এই প্রথা আর অনুসরণ করা হয়নি। এবার, দীর্ঘ বিরতির পর, এই প্রচারণা আবারও চালু হতে যাচ্ছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দলীয় প্রধানদের ভাষণ প্রচারের বিষয়টি বাস্তবায়ন করবে বিটিভি। কোন দল নির্বাচনে অংশ নিচ্ছে, কত আসনে প্রার্থী দিয়েছে—এসব বিষয় বিবেচনায় নিয়ে অতীতের ধারাবাহিকতা অনুযায়ী নির্ধারণ হতে পারে।
ভোট প্রচারের শেষ সময় ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা। এজন্য, ৯ ও ১০ ফেব্রুয়ারির মধ্যে ভাষণ প্রচারের কাজ শেষ করার লক্ষ্য রাখছে বিটিভি।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, দলীয় প্রধানদের ভাষণ সম্প্রচারের বিষয়ে একটি প্রস্তাবনা ইসির কাছে এসেছে। অনুমোদন মিললে বিটিভিকে চিঠি পাঠানো হবে। কীভাবে সমন্বয় হবে এবং দলগুলোর আবেদন বিবেচনা করা হবে—এগুলো বিটিভি কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
