৩৩৩-এ ডায়াল করলেই মিলবে নির্বাচন ও গণভোটের তথ্য
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৬ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে নাগরিকদের জন্য নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই-এর ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩–এর মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে।
নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে সম্পূর্ণ টোল-ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ চাপলে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে।
এই সেবার আওতায় ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, নিজ নিজ ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য জানতে পারবেন। একইসঙ্গে নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোটদানের নিয়ম এবং প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা সম্পর্কেও তথ্য মিলবে।
এ ছাড়া জরুরি নির্দেশনা, প্রয়োজনীয় যোগাযোগ নম্বর এবং নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম ও পোস্টাল ভোটিং অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত জানানো হবে।
গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবার মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা নিয়েছেন। এই হেল্পলাইন কেবল তথ্যসেবা নয়, বরং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য গ্রহণ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার একটি সহায়ক মাধ্যম হিসেবেও কাজ করবে।
তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম নয়; বরং একটি ‘ইনফরমেশন ইনটেক, আর্লি ওয়ার্নিং অ্যান্ড ফরওয়ার্ডিং সিস্টেম’ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঠানো হবে।
