শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ (বৃহস্পতিবার) অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে গত কয়েকদিনের মতো আজও দীর্ঘ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার (৫-৬ ফেব্রুয়ারি) সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে ভোরের দিকে দেশের নদী অববাহিকার অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। 

এর আগে বুধবার সর্বোচ্চ ৩০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। 

 

আবা/এসআর/২৫