নির্বাচনের পর ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকার প্রচারণা অসৎ উদ্দেশ্যপ্রসূত: উপ-প্রেস সচিব

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, ‌‌নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থেকে যাবে বলে যারা প্রচারণা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। এরাই কদিন আগেও নির্বাচন নিয়ে সংশয় উৎপাদনের চেষ্টা করেছে। এখন যখন দেখছে নির্বাচন যথাসময়ে হচ্ছে, তখন তারা নতুন ষড়যন্ত্রতত্ত্ব নিয়ে হাজির হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি, এদের এই রকম অসৎ প্রপাগান্ডায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন। বাস্তবে এ ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে সরকার।