নির্বাচনের দিন নিয়মিত ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট গণনা করা হবে: ইসি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন বিকাল সাড়ে ৪ টার পর নিয়মিত ভোট গণনার সময় একই সাথে পোস্টাল ব্যালট পেপার গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসির এক বার্তায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
ইসির বার্তায় বলা হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল সাড়ে ৪ টার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। উল্লেখিত সময়সীমার পূর্বে ভোটের ফলাফল জানার কোনো সুযোগ নেই।
এ বিষয়ে যেকোনো ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। সূত্র: বাসস
