পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) সাহেব আলী পাঠানকে জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি), রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডি, এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে রংপুর পিটিসিতে সংযুক্ত ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং বর্তমানে সুপার নিউমারারিতে অতিরিক্ত ডিআইজি হওয়া মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার এন্টি টেররিজম ইউনিটের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

 

আবা/এসআর/২৫