যমুনার নিরাপত্তায় বিজিবি ও নৌবাহিনী মোতায়েন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৩ | অনলাইন সংস্করণ

সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভের মুখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক বার্তায় বিজিবি জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে নৌবাহিনীর বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে বেলা সোয়া ১১টার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন সরকারি কর্মচারীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।
দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সময় বিজিবি ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।
এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনার উদ্দেশে রওনা হন তারা।
বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।
বিগত কয়েকদিন ধরে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় তাদের সঙ্গে অবিচার করা হয়েছে।
