যমুনার সামনে সরকারি চাকরিজীবী ও পুলিশের সংঘর্ষ, আহত ৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৭ | অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে অবস্থান নেওয়া সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়ে এ পর্যন্ত ৩২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করে।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।

আহতদের মধ্যে রয়েছেন আব্দুল হান্নান (৪৫), জয় দাস (৩৫), আব্দুল আউয়াল (৪০), তন্ময় (৩২), জাকারিয়া (৬০), সিকান্দার (৪০), ওসমান গনি (৪০), আব্দুল্লাহ (৩১), অভিজিৎ (৩৫), আজিম উদ্দিন (৫০), সাইম (২৮), রিপন (৩২), মনসুর শামীম (৪৮), ইয়াসমিন (৪০), আব্দুল কুদ্দুস (৬০), জুয়েল (৩৪) ও আমিরুল ইসলাম (৩৪)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যমুনার সামনে থেকে প্রায় ৩২ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এর আগে, সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না। বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।