
ঢাকা-১৪, ১৬ ও ১৮ সংসদীয় আসনের মধ্যে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে, তবে এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে অবিহিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে তিনি এ মন্তব্য করেন।
লে. কর্নেল এস এম ফুয়াদ বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে ভোটারদের নির্বিঘ্নে আসা যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোটকেন্দ্র চিহ্নিত করে সে হিসেবেই ব্যবস্থা নেয়া হচ্ছে।’
নির্বাচনকালীন পেশাদারিত্ব বজায় রেখে নিউজ কাভার করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা প্রাথমিক যাচাই না করে উসকানি দেয়া উচিত হবে না।
নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি সেনাবাহিনী গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা দেবে বলে জানান মিরপুর ক্যাম্প কমান্ডার। এছাড়া, সংবাদকর্মীদের কোথাও ঝুঁকি মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোের অনুরোধও করেন তিনি।