তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে অন্যতম প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নীলফামারী, দিনাজপুর, রংপুরসহ এ বিভাগের মানুষের একটা প্রাণের দাবি আছে। সেটি হলো তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা। ১২ তারিখের ভোটে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যতদ্রুত সম্ভব এ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। যেন এ এলাকা আবার সবুজ, শস্য, শ্যামলা হয়ে উঠতে পারে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এ এলাকার মানুষের কর্মসংস্থান দরকার। এ এলাকায় যে ইপিজেড আছে, আমরা এ ইপিজেডকে আরও বড় করতে চাই। আরও কলকারখানা এখানে তৈরি করতে চাই। যেন এ এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।

ইমাম-মোয়াজ্জিন ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, আমাদের সমাজে এক শ্রেণির মানুষ আছে, যাদের অবদান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এ মানুষগুলো আমাদের মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খতিবসহ অন্য ধর্মের যে ধর্মগুরু আছেন, সে মানুষগুলো। যারা আমাদের বিভিন্ন সময় ভালো ভালো পরামর্শ দেন। তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করেন। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এসব ধর্মীয় মানুষদের সরকারের পক্ষ থেকে সম্মানীর ব্যবস্থা করতে চাই।

নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আপনারা ১২ তারিখে ভোট দেবেন, আপনাদের এই ভোটের অধিকারকে ডাকাতি করে নিয়ে গিয়েছিল একদল। তাদের কাছ থেকে উদ্ধার করার জন্য বিএনপিসহ বহু দলের নেতা-কর্মী, বহু সাধারণ মানুষ এই স্বৈরাচারের সময় জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, কেস-কাচারির শিকার হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছিল তারা দেশ থেকে পালিয়েছে, কিন্তু তাদের সহযাত্রীরা দেশে রয়ে গিয়েছে। তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মা বোনদের বিকাশ নাম্বার নিচ্ছে, অন্য ধর্মের মানুষদের ভয় দেখাচ্ছে।

তারেক রহমান বলেন, এই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আবার ভোট দেবে। ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। কিন্তু শুধু ভোট দিলেই চলবে না। আমাদের এ নির্বাচনটাকে দেশ গঠনের নির্বাচন হিসেবে চিন্তা করতে হবে। দেশকে আমাদের গড়ে তুলতে হবে। কেন? কারণ এ দেশ যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোথায় যাবো? আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ।