
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে যান চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে টানা ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। একইভাবে, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
গত ১ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রজ্ঞাপনে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচলও বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। তবে জরুরি প্রয়োজন এবং নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া, জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন, প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচলের অনুমতি থাকবে।
বিদেশগামী এবং বিদেশফেরত যাত্রীদের জন্যও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পাসপোর্ট ও টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর শর্তে বিমানবন্দর যাতায়াতে কোনো বাধা থাকবে না। এছাড়া, দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় চলাচলে শিথিলতা থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।