ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মধ্যরাতে বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত ঘোষণা

মধ্যরাতে বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত ঘোষণা

চট্টগ্রাম বন্দরের চলমান ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা মো. হুমায়ূন কবীর ও মো. ইব্রাহীম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরে এনসিটি নিয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর সাংবাদিকদের দেওয়া বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হয়েছে। নেতাদের সঙ্গে সন্তোষজনক আলোচনার প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পণ্য খালাসের স্বার্থে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ধর্মঘট কর্মসূচি ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঁচ কর্মচারীকে গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা, ১৫ কর্মচারীকে বিভিন্ন বন্দরে বদলি, আন্দোলনরত কর্মচারীদের শাস্তি, বাসা বরাদ্দ বাতিল এবং ১৬ কর্মচারীকে সাময়িক বরখাস্তসহ যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, এসব সমস্যার সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে টানা ছয়দিন কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারিরা। এরপর শুক্র ও শনিবার স্থগিত ছিল কর্মসূচি। এরমধ্যে ১৫ কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর আবারও কর্মসূচিতে ফিরে আন্দোলনকারীরা। দুদিনের বিরতির পর গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আবারও লাগাতার ধর্মঘটের ডাক দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিন বন্ধ ছিল বহির্নোঙরের কার্যক্রমও। এতে পুরো বন্দর অচল হয়ে পড়ে।

আবা/এসআর/২৫

বিজ্ঞপ্তি,চট্টগ্রাম বন্দর,ধর্মঘট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত