ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে ইসির নিষেধাজ্ঞা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে নতুন একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে মোবাইল ফোন ব্যবহার বা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নির্দেশনা পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।
নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার; ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ব্যতীত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
ভোটগ্রহণের দিন সাধারণত সাংবাদিকরা ফটোশুট এবং রেকর্ডিং করতে মোবাইল ফোন ব্যবহার করেন। এ কারণে, সাংবাদিকদের জন্য এই নিষেধাজ্ঞা একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নির্বাচন কমিশন এর আগে কখনো এমন বিধিনিষেধ আরোপ করেনি।
