
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধের ‘অযৌক্তিক সিদ্ধান্ত’ বাতিলসহ নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৪টি দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই কথা জানিয়েছেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
ডাকসুর দাবি গুলো হলো—
১। ভোটকেন্দ্রের চারশো (৪০০) গজের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ভোটার ও সংশ্লিষ্টদের যৌক্তিক মোবাইল ব্যবহার নিশ্চিত করতে হবে।
২। ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন না করার সিদ্ধান্ত বাতিল করতে হবে।
৩। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করতে হবে।
৪। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।সাদিক কায়েম আরও জানান, দাবির প্রেক্ষিতে ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে ইসির পক্ষ থেকে নতুন প্রজ্ঞাপন জারি করার সিদ্ধান্তের ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন বাতিলের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা সহ বাকি দাবিগুলোর ব্যাপারেও যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস জানিয়েছে ইলেকশন কমিশন।