ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে নতুন একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে মোবাইল ফোন ব্যবহার বা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল রোববার এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নির্দেশনা পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।
নির্দেশনায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার; ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ব্যতীত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
