
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করা উপদেষ্টাদের সম্পদ বিবরণী দুয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে। এক-দুই দিনের মধ্যে এটা আমরা পাবলিক করব।
ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
উপদেষ্টাদের সম্পদ জমা দেয়ার বিষয়ে প্রেস সচিব বলেন, ‘আমি আবারও বলছি, আপনারা পাবেন। আমি যতুটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন।
সংবাদ সম্মেলনের আগে দশম বিশেষ বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ।
২০২৪ সালের অগাস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, দ্রুত সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। যদিও অন্তর্বর্তী সরকারের মেয়াদ ফুরিয়ে এলেও এখনো সেটি প্রকাশ করা হয়নি।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরেন।
আবা/এসআর/২৫