নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৫৪০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক 

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহের জন্য বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা থেকে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসছেন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রতিনিধি বাংলাদেশ সফরে আসছেন। পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রায় ৩৩০ জন পর্যবেক্ষক এবং ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন ও গণভোট কাভার করবেন।

ইসির আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস (আইসিএপিপি)-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

এছাড়া তুরস্ক থেকে দেশটির সংসদ সদস্য ও সুপ্রিম ইলেকশন কাউন্সিলের কর্মকর্তাসহ ১০ সদস্যের একটি পর্যবেক্ষক দল আসছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এবং ফিলিপাইন, জর্জিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরান থেকে নির্বাচন কমিশনের কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক রয়েছেন ২২৩ জন। এ ছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফইলি) থেকে ২৮ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১২ জন এবং অন্যান্য সংস্থা থেকে স্বপ্রণোদিত হয়ে প্রায় ৩০ জন পর্যবেক্ষক আসছেন।

নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে আসা বিদেশি সাংবাদিকদের মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের ৪৮ জন এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাতজন সাংবাদিক রয়েছেন। এ ছাড়া জাপানের এনএইচকে, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া ও ডয়চে ভেলে (ডিডব্লিউ)-সহ স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও ভারতের গণমাধ্যমের প্রতিনিধিরাও বাংলাদেশে আসছেন।

ইসি জানায়, বিদেশি অতিথি, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভিসা-সংক্রান্ত সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তারা যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে পারেন, সে জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছে।